বিশেষ প্রতিনিধি
ভিড় বাড়ছে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে। ফিরতে শুরু করেছে আবার চেনা রূপে। মহামারি করোনার ছোবলে মহানগরীতে যখন লকডাউন শুরু হয় তখন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছিল এলাকাটি। লকডাউন উঠে যাওয়ায় ফের ভিড় বাড়তে শুরু করেছে। ছুটির দিনগুলোতে বিশেষ করে শুক্র ও শনিবার বিভিন্ন বয়সি তরুণ -তরুণীদের ভিড় অনেকটা উত্সবমুখর।
শুক্রবার ও গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিলে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে আনন্দ উল্লাসে সময় কাটিয়েছেন অনেকেই। তরুণ-তরুণীদের ঘুরতে দেখা গেছে দল বেঁধে। নেই সামাজিক দূরত্বের বালাই। দেখা যায়নি অনেকের মুখে মাস্কও। তবে এলাকায় দায়িত্বপালনকারী হাতিরঝিল থানার এক জন সাব-ইন্সপেক্টর বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, হাতিরঝিল এলাকায় নিরাপত্তার জন্য পুলিশ টহল দিচ্ছে। মানুষকে এক সঙ্গে অনেক জমায়েত হতে দেওয়া হচ্ছে না। তবে এখানে চলাচলে বাধা নেই। অবস্থান করা যাবে না। বিষয়টি তারা তদারকিও করছেন নিয়মিত । তবে এলাকায় কোনো ধরনের ফাস্টফুড তথা ফুচকা বা চটপটির দোকান বসেনি।
