রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো টেকপাড়া এলাকায় আত্মহত্যার প্ররোচনায় স্ত্রী আফসানা করিম লিমা ও শ্বশুর রেজাউল করিম লোটনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার হাটাবো টেকপাড়া তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত ২৪ জুন শ্বশুর রেজাউল করিম লোটনের অপমান সইতে না পেরে তার মেয়ে আফসানা করিম লিমার স্বামী ইফাদ কাঞ্চন বাজার থেকে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। এ ঘটনায় শুক্রবার ইফাদের মা শেফালী বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সবুর খাঁন জানান, গ্রেফতারকৃত আসামিদের নারায়ণগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, ইফাদ আত্মহত্যা প্ররোচনা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।
