অসহায়দের সেবায় ডিএমপির উইমেন সাপোর্ট বিভাগ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:১৬

আরো বৃহত্ দায়িত্ব পালনে প্রস্তুত ১০১ নারী পুলিশ সদস্য

পিনাকি দাসগুপ্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ছোট্ট একটি বিভাগ উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন। কিন্তু বহুমাত্রিক মিশন নিয়ে কাজ করতে হয় তাদের। থানার মতো ২৪ ঘণ্টার জন্য বিরামহীন সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পথ চলা এ বিভাগের। সহিংসতার শিকার নারী ও শিশু ভিকটিমদের থাকা-খাওয়া, চিকিত্সা, খেলাধুলা, বিনোদন, যাতায়াত, আইনি পরামর্শ, কাউন্সেলিং ও পারিবারিক সমস্যায় মধ্যস্থতা দেওয়ার পাশাপাশি মামলা তদন্ত এবং ভিকটিম উদ্ধার এ বিভাগের মূল কাজ।

করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সহযোদ্ধাদেরও পাশে আছে এ বিভাগ। চিকিত্সারতদের মনোবল অটুট রাখতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের পরিদর্শন কমিটির সদস্য হয়ে এ ডিভিশনের উপ-পুলিশ কমিশনার নিয়মিত পরিদর্শন করছেন হাসপাতালসহ অন্যান্য কোয়ারেন্টাইন ও আইসোলেশন সেন্টার। নিজ ডিভিশনের করোনা আক্রান্ত সদস্যদের এবং তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সবরকম সাপোর্ট দেওয়া অব্যাহত রেখেছে এ ডিভিশনের উপ-পুলিশ কমিশনার। অন্য সদস্যদের করোনা মুক্ত রাখতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। বাংলাদেশ পুলিশের গৌরবময় ইতিহাসের একটা ক্ষুদ্র অধ্যায় হয়ে আরো বৃহত্ দায়িত্ব পালনে সদা প্রস্তুত এ বিভাগের ১০১ নারী পুলিশ সদস্য।

এ ব্যাপারে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীন জানান, করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সিঙ্গেল মাদার ও বিধবা যারা লজ্জায় ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারেননি তাদের এসএমএসের ভিত্তিতে গোপনে ঘরের দরজায় পৌঁছে দিয়েছি ত্রাণসামগ্রী।

তিনি বলেন, ডিএমপির আটটি ক্রাইম বিভাগ করোনাকালীন সময় নিরলসভাবে দৈনন্দিন কাজের পাশাপাশি নিজ নিজ এলাকায় ত্রাণও বিতরণ করছে। উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনও একইভাবে দৈনন্দিন কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ করে আসছে।

উল্লেখ্য, সহিংসতার শিকার নারী ও শিশুদের সহায়তায় তাদের পাশে থাকার জন্য এবং তাদের প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে তেজগাঁও থানা সংলগ্ন বাংলাদেশের প্রথম ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন করা হয়।