নিলামের বাইরে অতিরিক্ত যন্ত্রাংশ নেওয়ার অভিযোগ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:৪১

বরিশাল বিআরটিসি ডিপোতে নিলামকৃত গাড়ি ও যন্ত্রাংশের বাইরে অতিরিক্ত যন্ত্রাংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ঠিকাদারের বিরুদ্ধে।

গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে—ডিপোতে নিলামকৃত ১০টি গাড়ি ও যন্ত্রাংশ ট্রাক ভর্তি করে এছাহাক এন্টারপ্রাইজের পক্ষ থেকে লোকজন নিয়ে যাচ্ছেন। এসময় পার্শ্ববর্তী আরো প্রায় ১০টি সচল-অচল গাড়ির যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তার মধ্যে থেকেই নিলামকৃত গাড়ির মালামাল নিচ্ছেন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। এসময় ডিপো ম্যানেজার বা সংশ্লিষ্ট কাউকে দেখা যায়নি। ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে হায়দার আলী নামে এক ব্যক্তি উপস্থিত থেকে যন্ত্রাংশ ট্রাক ভর্তি করলেও কী যন্ত্রাংশ বা কোন গাড়ির যন্ত্রাংশ নিচ্ছেন তা দেখার কেউ ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ম্যানেজার অনুপস্থিত থাকায় অপর কেউ সেখানে দেখভাল করার কথা। কিন্তু তা না করে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনকে দ্রুত মালামাল নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থানকালে ডিপো ম্যানেজারকে ফোন করা হলে তিনি জানান, ‘দুপুরের খাবারের সময় তিনি ডিপো ত্যাগ করেছেন। এছাড়া নিলামকৃত মালামাল বুঝিয়ে দেওয়ার বিষয়ে বরিশাল ডিপো থেকে একটি কমিটি গঠন করা হয়েছে ঐ কমিটিই সব মালামাল বুঝিয়ে দিবেন।’ ডিপোতে নিলামকৃত গাড়ির পার্শ্ববর্তী কতটি গাড়ি রয়েছে এ প্রশ্নের উত্তরে ডিপো ম্যানেজার কোনো সদুত্তর দিতে পারেননি। এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে যন্ত্রাংশ নিতে আসা হায়দার আলী উলটো অভিযোগ করেন—নিলামে উল্লেখিত গাড়ি তো দূরের কথা যে যন্ত্রাংশ তারা নিচ্ছেন তাতে লোকসান হবে তাদের। কেননা ১০টি গাড়ির মালামাল তারা বুঝে পাচ্ছেন না।