আড়াইহাজারে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:০৬

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিভিন্ন গ্রামে খেজুরের গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। উপজেলার দুটি পৌরসভাসহ ১০টি  ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এলাকার গাছিরা ইতোমধ্যে খেজুর গাছের মালিকদের সঙ্গে চুক্তি করে গাছ নিয়েছে। তারা এসব গাছ কেটে এখন রস সংগ্রহ করছেন পুরোদমে। যদিও আগের মতো শত শত খেজুর গাছের সারি আর দেখা যায় না। এরপরও যে গাছগুলো আছে শীত মৌসুমে সেই গাছগুলো থেকে রস সংগ্রহ করা হয়। গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে খেজুর গাছে উঠে নিপুণ হাতে গাছ চেঁছে ও নলি বসিয়ে রস সংগ্রহ করা হয়।

জানা গেছে, শীতকাল এলে খেজুর গাছের মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গাছ তৈরি করা শুরু করেন গাছিরা। পৌষ ও মাঘ মাস গাছ থেকে রস সংগ্রহ আর গুড় তৈরিতে ব্যস্ত থাকেন তারা। গাছ থেকে আহরণকৃত রসের কিছু অংশ আবার বাজারে বিক্রি করা হয়। তবে বেশিরভাগ রস বাড়িতেই জ্বাল দিয়ে গুড় ও লালি তৈরি করে তা বাজারে বিক্রি করা হয়।