এক যুগ ধরে শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন নিরপতি কোচ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:৫০

শেরপুরের ঝিনাইগাতীতে এক যুগ ধরে শিকলবন্দি উপজাতি নারী নিরপতি কোচ (৩৭)। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের সতেন্দ্র কোচের স্ত্রী। ২০ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর এক সন্তানের জননী হন নিরপতি কোচ। এর  কয়েক বছর পরই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন থেকে তাকে শিকলে বন্দি করে রাখে তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, এক বছর আগে স্বামী সতেন্দ্র কোচের মৃত্যু হয়। এর পর থেকে অভাব-অনটন, দুঃখ আর দুর্দশা ওই পরিবারের নিত্যসঙ্গী। এক বেলা খাবার জুটলেও আরেক বেলা জুটে না। অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন নিরপতি কোচ ও তার পরিবারের সদস্যরা। বৃদ্ধা মা পাতিশ্বরী কোচ বয়সের ভারে নুয়ে পড়েছেন। জমি-জমা, সহায়-সম্বল নেই বললেই চলে। তবুও কন্যার মুখে এক বেলা অন্ন তুলে দিতে অন্যের দ্বারে দ্বারে হাত পাততে হয় তাকে।

পাতিশ্বরী কোচ বলেন, তার মেয়ের নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড চেয়ে বহু আবেদন-নিবেদন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। কিন্তু আজো নিরপতি কোচের ভাগ্যে জোটেনি একটি কার্ড। জানতে চাইলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। অনুসন্ধান করে তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।