সোনার মাস্ক

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০০:০০

মুখ ঢেকে যায় মাস্কে। করোনা পরিস্থিতিতে এখন এমন জীবনেই অভ্যস্ত হয়ে পড়েছি সবাই। মাস্কে মুখ ঢাকায় অতি পরিচিতজনকেও আজকাল অচেনা লাগে। মাস্কের ঝামেলায় মেয়েদের সাজুগুজুও শিকেয় উঠেছে। কিন্তু তাই বলে শখ বলে কিছু থাকবে না সেটা কী হয়? শখ মেটাতে ভারতের পুনের পিম্পরি-চিচবাড় জেলার বাসিন্দা শঙ্কর কুরাদে মাস্ক পরেও কিভাবে নিজের স্টাইল দেখানো যায় তার এক বিস্ময়করণ উদাহরণ সৃষ্টি করেছেন। না কোনো কাপড়ের মাস্ক নয়, তিনি মুখে পরেছেন সোনার তৈরি মাস্ক। স্বাভাবিকভাবেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আপনিও পরতে পারেন সোনার তৈরি মাস্ক। তবে করোনার এই দুর্যোগেও পকেটে টাকা থাকতে হবে। এজন্য দরকার হবে প্রায় সাড়ে তিন লাখ টাকা। এই মাস্কে শ্বাসকষ্টের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন শঙ্কর। তিনি বলেছেন, এটা সোনার মতো ধাতু দিয়ে তৈরি হলেও আসলে এটা খুব হাল্কা। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র আছে। এই মাস্ক কেনার জন্য অনেকেই নাকি অর্ডার দিতে শুরু করেছেন। -এনডিটিভি