ডা. মোঃ আমীর হোসাইন রাহাত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ১ জানুয়ারি এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। ২ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার তিনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় হাসপাতালের চিকিত্সকগণ উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কামারজুরীর কৃতী সন্তান ডা. আমীর হোসাইন রাহাত জেলা বিএমএ এবং স্বাচিপের সভাপতি। তিনি এর আগে সহযোগী অধ্যাপক হিসাবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। ডা. রাহাত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দেশে এবং বিদেশে অনেক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
