নির্বাচনে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন চায় এইচআরডব্লিউ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:২৬

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশের নির্বাচনে ওঠা অনিয়মের অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করা উচিত। এর মধ্যে বিরোধীদলের সদস্যদের ওপর হামলা, ভোটারদের ভয় দেখানো, ভোট জালিয়াতি এবং নির্বাচনের আগে ও পরে নির্বাচন কমিশনের একপক্ষীয় আচরণের মতো অভিযোগের বিষয়ে তদন্ত করা প্রয়োজন। বুধবার সংগঠনটির এক বৃিবতিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে ‘অবাধ ও নিরপেক্ষ’ বলে ঘোষণা করলেও বিরোধী দল নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছে। এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়টা বিরোধী দলের বিরুদ্ধে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের কারণে বিতর্কিত ছিল। ভোট গ্রহণের আগে থেকেই ব্যালটে সিল মেরে রাখা, ভোটাদের ভয় দেখানো, ভোট গ্রহণের দিনে ভোটকেন্দ্রগুলোতে ক্ষমতাসীন দলের সমর্থকদের নিয়ন্ত্রণের অভিযোগগুলো খতিয়ে দেখতে নিরপেক্ষ এবং স্বাধীন কমিশন গঠন করা উচিত। 

ভোটের খবরকে কেন্দ্র করে খুলনার সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লার গ্রেফতার হওয়ার ঘটনাটি বিবৃতিতে তুলে ধরেছে এইচআরডব্লিউ। আরেকজন সাংবাদিক রাশিদুল ইসলামকেও ঐ মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে আসামি দেখানো হয়। অনেক সাংবাদিকদের ভোটে অনিয়মের ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়েছে বলে বিবৃতিতে বলা হয় ।

ব্র্যাড অ্যাডামস বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থা, জাতিসংঘ ও বাংলাদেশের সাথে বন্ধুভাবাপন্ন দেশগুলোর মনে রাখা প্রয়োজন যে, নির্বাচন ভোটারদের অধিকার প্রয়োগের ক্ষেত্র, ক্ষমতাসীনদের নয়। যে দেশে মানুষের রাজনৈতিক মতামতের ক্ষেত্রে বিভাজন স্পষ্ট, সেরকম একটি দেশে একটি দল ৯৬ শতাংশ আসনে জয়লাভ করলে ঐ নির্বাচন সম্পর্কে অবিলম্বে প্রশ্ন তোলা উচিত।

আটক সাংবাদিককে মুক্তির দাবি আরএসএফ ও সিপিজের

নির্বাচনে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে সাংবাদিকদের অধিকার বিষয়ক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস-আরএসএফ। একইসঙ্গে খুলনায় আটক সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লার অবিলম্বে মুক্তি দাবি করেছে সংগঠনটি। অন্যদিকে সাংবাদিকদের আরেক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সাংবাদিক হেদায়েত হোসেনের অবিলম্বে মুক্তি দাবি করেছে। সংগঠন দুটি আলাদা আলাদা বিবৃতিতে এসব কথা বলেছে।