গাইবান্ধা-৩ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে গতকাল বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল ও একজনের বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা হলেন আওয়ামী লীগের ডা. শাহ মো. ইয়াকুবুল আজাদ, ব্রিগেডিয়ার (অব.) মাহামুদুল হক ও জাতীয় পার্টির (এরশাদ) মো. মঞ্জুরুল হক সাচ্ছা। মনোনয়নপত্র বহাল আছে ঐক্যফ্রন্টভুক্ত জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সদিকের।

গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, দলীয় মনোনয়ন না থাকা ও ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহার ১০ জানুয়ারি, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি এবং আগামী ২৭ জানুয়ারি এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগে দাখিল করা সাতজনসহ এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল আটজন। প্রথম দফায় বৈধ সাত প্রার্থী হলেন আওয়ামী লীগের বর্তমান এমপি ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির (এ) দিলারা খন্দকার শিল্পী, জাসদের এস. এম খাদেমুল ইসলাম খুদি, এনপিপির মিজানুর রহমান তিতু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।

উল্লেখ্য, ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুতে এ আসনের নির্বাচন স্থগিত ছিল।