জুভেন্তাস ৪ : ১ তোরিন
স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল করলেই যেন নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে শেষ কিছুদিনে। তোরিনোর বিপক্ষে ফ্রি কিকে গোল পেলেন প্রায় দুই বছর পর। তাতে জুভেন্তাসের ৬০ বছরের পুরোনো কীর্তিতে ভাগ বসিয়েছেন তিনি। দলও নগর প্রতিদ্বন্দ্বীদের ৪-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিও থেকে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষ স্থানে সুসংহত হয়েছে।
২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অন্তিম সময়ে ফ্রি কিক থেকে গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দিয়েছিলেন রোনালদো। এরপর থেকে ৪৩ বারের চেষ্টাতেও আর ফ্রি কিক থেকে গোল পাননি তিনি। সে খরা কাটে শনিবারের ম্যাচে ৬১ মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি। এটি জুভেন্তাসের হয়েও রোনালদোর প্রথম ফ্রি কিক গোল। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩টি আর রিয়াল মাদ্রিদের হয়ে ৩৩টি ফ্রি কিক গোল পেয়েছিলেন তিনি।
দীর্ঘ বিরতির পর ফ্রি কিকে গোল পাওয়াটা নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবে বলে বিশ্বাস রোনালদোর। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর ফ্রি-কিকে গোল পেলাম। আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও এই গোলটা জরুরি হয়ে পড়েছিল।’
প্রায় দুই বছর ফ্রি কিকে গোল না পাওয়ায় আত্মদহনেও পুড়ছিলেন রোনালদো! সাংবাদিকদের এ কথা জানান কোচ মাউরিজিও সারি। বলেন, ‘সত্যি বলতে, আমি কল্পনাও করিনি রোনালদো ব্যাপারটা নিয়ে কতটা চিন্তিত! গোলটা করে ডাগআউটে ফিরেই আমাকে বলল, অবশেষে পেলাম! তখনই বুঝলাম ব্যাপারটা!’ এ গোলের সুবাদে ৫৯ বছর পর এক মৌসুমে ২৫ গোল করা প্রথম জুভেন্তাস ফরোয়ার্ডও বনে যান রোনালদো। ১৯৬০-৬১ মৌসুমে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ওমার সিভোরি।
রোনালদোর ফ্রি কিক গোলের আগেই আগেই অবশ্য পাওলো দিবালা আর হুয়ান কুয়াদ্রাদোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। ৪৫ মিনিটে সফরকারীরা ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে রোনালদো লক্ষ্যভেদ আর একটি আত্মঘাতী গোলের সুবাদে সহজ জয়ই পায় সিরি’আ শিরোপাধারীরা।
দিনের পরের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিও এসি মিলানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারলে শীর্ষে থাকা জুভেন্তাসের সঙ্গে দলটির পয়েন্ট ব্যবধান দাঁড়ায় সাতে। ফলে আট ম্যাচ বাকি রেখে টানা নবম লিগ শিরোপার আরো কাছে চলে এসেছে কোচ মাউরিজিও সারির দল।
