কিছু যন্ত্র দেবে বিসিবি

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:১৬

ক্রিকেটারদের ফিটনেস

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশির ভাগ খেলোয়াড়ই বোর্ডের গাইডলাইন অনুযায়ী বাসায় ফিটনেস ট্রেনিং করছেন। কিন্তু উপযুক্ত যন্ত্রের অভাবে অনেকে নিজের ঘরে অনুশীলন করতে পারছেন না। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার চেষ্টায় আছে বিসিবি।

বিসিবির চিকিত্সা বিভাগ জানাচ্ছে, উপযুক্ত যন্ত্রপাতি দিয়ে অনুশীলন করলে শতকরা ৮০ ভাগ ফিটনেস ধরে রাখা সম্ভব। বাকি ২০ ভাগ মাঠে অনুশীলন শুরু হলে পুষিয়ে নিতে হবে। কিন্তু সব ক্রিকেটার বাসায় ঠিকমতো অনুশীলন করতে পারছেন না। যেসব ক্রিকেটার বাসায় যন্ত্রপাতির অভাবে নিজে অনুশীলন করতে পারছেন না তাদের নিজেদের সংগ্রহ থেকে যন্ত্রপাতি দেওয়ার কথা নিশ্চিত করলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সুজন জানালেন, এগুলো তারা কিনে দেবেন না, ‘আমাদের এলিট তালিকাভুক্ত কয়েক জন ক্রিকেটারের এ রকম সমস্যা আছে। আমরা তাদের কাছে তালিকা চেয়েছি। কী কী দরকার, এটা দেখে আমরা আমাদের সংগ্রহ থেকে তাদের কিছু জিনিস দেবো। তবে এগুলো কিনে দেওয়ার খবরটা ঠিক নয়।’