স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের পর টেস্টে আঙিনায় পা দেওয়ার পরও, নিজের জাত চিনিয়েছেন জোফরা আর্চার। তাই আর্চারের বোলিং নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে পাকিস্তান শিবিরে। তবে, সেই ভীতি কমাতে ক্রিকেটারদের জন্য পরামর্শের ডালা নিয়ে হাজির হলেন শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘আমি মনে করি না, আর্চারকে নিয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমি মানছি, সে দারুণ বোলার এবং শরীর বরাবর বোলিং করে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এরপর টেস্টেও নিজেকে প্রমাণ করেছে। ভবিষ্যতে অনেক বড় বড় সাফল্য পাবে সে।’ ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটসম্যানরা ভালো করতে পারলেই সাফল্য মিলবে বলে মনে করেন, শোয়েব। তিনি বলেন, ‘ইংল্যান্ড সফরে আমাদের পেসাররা সবসময়ই ভালো করে। এবারের পেস অ্যাটাক প্রতিভাবান। তারাও ভালো করতে পারবে। তবে ব্যাটসম্যানদের আরো ভালো খেলতে হবে। বড় ইনিংস খেলতে হবে। ব্যাটসম্যানরা ভালো করলে, আমরা সাফল্য পাব।’
