পাতানো ম্যাচ
স্পোর্টস ডেস্ক
গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছিল শ্রীলঙ্কা পুলিশ। কিন্তু হুট করেই প্রমাণের অভাবে বন্ধ হয়ে যায় তদন্ত। এমনকি আইসিসিও জানিয়েছে যে, তারা নতুন করে তদন্ত করবে না। এবার যিনি ২০১১ বিশ্বকাপের ফাইনাল পাতানো ছিল বলে অভিযোগ করেছেন, সেই সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগের নতুন অভিযোগ হলো বিপুল অর্থের বিনিময়ে তদন্ত থামিয়ে দেওয়া হয়েছে। তার দাবি, প্রমাণ তার কাছেই আছে, সেই প্রমাণ তিনি দিতেও প্রস্তুত। ২০১১ বিশ্বকাপের সময়কার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী আলুথগামাগের অভিযোগের পর বেশ ঢাকঢোল বাজিয়েই তদন্ত শুরু করেছিল লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। ঐ বিশ্বকাপের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখনকার প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টা। কিন্তু কোনো ভিত্তি না পেয়ে গত শুক্রবার তদন্ত সমাপ্তি ঘোষণা করা হয়। তদন্ত শেষের ঘোষণার পরদিনই আলুথগামাগের নতুন অভিযোগ: ‘তদন্ত থামাতে বিপুল পরিমাণ টাকা খরচ করছে ক্ষমতাবান লোকজন।’
আলুথগামাগের দাবি:
আইসিসির দুর্নীতি দমন বিভাগকে তিনি জানিয়েছেন, ম্যাচটি যে পাতানো ছিল, সেই প্রমাণ দিতে তিনি প্রস্তুত। পুলিশ যথাযথ তদন্ত করতে ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান ও আইসিসিকে অনুরোধ করেছেন অভিযোগ খতিয়ে দেখতে। আইসিসি অবশ্য শুক্রবারই বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি নিয়ে তদন্ত করার মতো কোনো প্রমাণ তারা দেখেননি। জানিয়ে রাখা ভালো, গেল ১৮ জুন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে অভিযোগ করেছিলেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করেছে তার দেশ। সেখানে ক্রিকেটারদের কেউ কেউ জড়িত বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপর থেকেই তার অভিযোগ নিয়ে চলছে তোলপাড়।
