একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট, ভুটান এবং ফিজি’র প্রধানমন্ত্রী। পৃথক পৃথক বার্তায় ইউএই’র প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এবং আবুধাবির ক্রাউন প্রিন্স ও ইউএই’র সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, শেখ হাসিনার নিরঙ্কুশ জয় তার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের সাফল্য কামনা করেন। ভুটান ও বাংলাদেশের আন্তরিকতা আরো জোরালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তবগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই জয় শুধু বাংলাদেশের জন্য নয় বরং এই অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কল্যাণের।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ফিজি’র প্রধানমন্ত্রী জেভি বাইনিমারামা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘৩শ’ সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের ২৮৮ আসনের এই বিশাল জয় দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনার নেতৃত্ব ও সক্ষমতার প্রতি বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নিতে তিনি আগ্রহী বলে জানান।
