গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদরের মধ্যদিয়ে প্রবাহিত পানি নিষ্কাশনের একমাত্র কুঠিরখাল দখলমুক্ত করতে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ধ্যা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, ওসি মো. আজিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মীর শাহিনুর রহমান, শাখা কর্মকর্তা মো. সোহরাব হোসেন, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।
কাশিয়ানীর বারাশিয়া নদীর কুঠিরঘাট এলাকা থেকে বের হয়ে পোনা গ্রামের মধ্যদিয়ে বিল পবনের সঙ্গে মিলিত হয়েছে কুঠির খাল। খালটি পানি নিষ্কাশনে বিরাট ভূমিকা পালন করে আসছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা খালটি দখল করে অবৈধভাবে নানা স্থাপনা গড়ে তোলেন। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায়। সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম বলেন, ‘কুঠির খাল একটি ঐতিহ্যবাহী খাল। এ খালটি রক্ষার জন্য উচ্ছেদ অভিযান শুরু করেছি। পাশাপাশি অন্য খালগুলো দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।’ কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, উপজেলার বেদখল হয়ে যাওয়া খালগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। কুঠির খাল দখলমুক্ত হওয়ার পর অন্য খালগুলোও উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে
