চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরসহ অন্যান্য উপজেলায় কদর বেড়েছে ডিঙি নৌকার। আগাম বন্যার কারণে এ অঞ্চলের বড়াল, গুমানী, চিকনাই নদীসহ খাল-বিল ভরে গেছে। ফলে বেড়েছে নৌকার চাহিদা। করোনাকালীন এই সময়েও থেমে নেই নৌকার কারিগররা। সূত্রধর পাড়ায় তাদের যেন দম ফেলবার ফুরসত নেই। উপজেলার মির্জাপুর, ছাইকোলা, হান্ডিয়াল, ভাঙ্গুড়ার উত্তর মেন্দা কালিবাড়ি ও জগাতলা বাজার এলাকার মিস্ত্রি পাড়ার বাসিন্দারা আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এই তিন মাস নৌকা তৈরির কাজে ব্যস্ত থাকেন। শুক্রবার সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রায় ১০টি নৌকা তৈরির কারখানা রয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি নৌকা তৈরি করে বিক্রি করতে পারলে ৬০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত একজন শ্রমিকের মুজরিসহ লাভ থাকে। অনেক সময় কারিগররা ক্রেতাদের নিকট থেকে অগ্রীম নৌকার অর্ডার পেয়ে নৌকা তৈরি করে। আবার কখনো কখনো তাদের তৈরিকৃত নৌকা ফরিদপুরের এরশাদনগর, চাটমোহরের মির্জাপুর হাটে নিয়ে বিক্রি করে থাকেন
