শেখ হাসিনা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:৩৪

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচন করা হয়।

গতকাল বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকের শুরুতে শেখ হাসিনার নাম সংসদীয় নেতা হিসেবে প্রস্তাব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সমর্থন জানান দলের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু। পরে সংসদীয় দলের সকল সদস্য প্রস্তাবে সমর্থন জানান এবং দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান। এর মাধ্যমে শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন। ফলে শেখ হাসিনাই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনন্য ইতিহাস সৃষ্টি করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নির্বাচনে বিজয়ী হয়ে পরপর তিনবার এবং এ পর্যন্ত চারবার প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন তিনি। নির্বাচনের মাধ্যমে পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও গণতান্ত্রিক বিশ্বে খুব বেশি নেই।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৭টি আসনে এককভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগ। এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি। ১৯৯৬ সালে সপ্তম সংসদে শেখ হাসিনা প্রথম সংসদ নেতা নির্বাচিত হন। পরে ২০০৯ সালে নবম সংসদ এবং ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯৯৬ সালে। ওই বছরের ১২ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ২৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ২০০১ সালে মেয়াদ শেষে শান্তিপূর্ণভাবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এ নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয় বিএনপির কাছে। পরে ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতা হস্তান্তরে জটিলতা সৃষ্টি করলে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রায় ২ বছর ক্ষমতায় থাকার পর তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে। এতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। এ নির্বাচনের পর ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুলসংখ্যক আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।