রামেক হাসপাতালে ‘হাই ফ্লো অক্সিজেন’ মেশিন প্রদান

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজ উদ্যোগে অস্ট্রেলিয়া থেকে আনা দুটি ‘হাই ফ্লো অক্সিজেন’ (অপটিক ফ্লো নেজাল হাই ফ্লো অক্সি থেরাপি মেশিন) মেশিন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালকে উপহার দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। শনিবার রামেক হাসপাতালের পরিচালকের হাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে মেশিন দুটি হস্তান্তর করেছেন বেসরকারি বারিন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের হাতে মেশিন দুটি হস্তান্তরের সময় বারিন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুদ্দিন, বারিন্দ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. বি কে দাম, উপাধ্যক্ষ ডা. সুজিত কুমার ভদ্র, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী উপস্থিতি ছিলেন।