পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
পলাশবাড়ীতে শনিবার সন্ধ্যায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলো মুছা (২৮) ও আকাশ (৩০)। দুর্ঘটনায় আহত হয়েছে অপর এক যুবক।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান নিহতদের পরিচয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত দুই জনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে রবিবার বাসের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছে। নিহতের নাম নয়ন খান (২৬)। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নয়ন ইজিবাইক নিয়ে গোপালগঞ্জ থেকে কাশয়ানীর দিকে যাচ্ছিলেন। এ সময় মোংলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল আরাফাত পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। ইজিবাইক মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইক চালক বাসের সঙ্গে জড়িয়ে ৫০০ মিটার দূরে মহাসড়কের ওপর ছিটকে পড়ে মারা যায়।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছেন। শনিবার রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের হরিনাহাটিতে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান জানান, রবিবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়।
