গত ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে সরকারি অর্থ বরাদ্দ নিয়ে দেখা দিয়েছে আংশিক অচলবস্থা। শাট ডাউন নামে পরিচিত এমন অবস্থার সূচনা তখন হয় যখন কংগ্রেসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিমত হয় এবং তা নিয়ে কোনও সমঝোতায় উপনীত হওয়া যায় না। অর্থ বরাদ্দের কোনও প্রস্তাব কার্যকর করাতে সংশ্লিষ্ট বিলকে দুই কক্ষের অনুমোদন ছাড়াও পেতে হয় প্রেসিডেন্টের সম্মতি।
মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টিটিভের ডেমোক্র্যাট সদস্যরা শাট ডাউনের অবসানে একটি বিল পাসের উদ্যোগ নিয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে নিম্নকক্ষে সেটি পাস হয়ে গেলেও উচ্চকক্ষ সিনেটে সেটি আটকে যেত পারে। যদি বিলটি পাস না হয় তাহলে তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থক রিপাবলিকান সদস্যদের দায়ি করার সুযোগ পাবেন ডেমোক্র্যাটরা। বিলটিতে মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য ট্রাম্পের চাওয়া অর্থ বরাদ্দ না করেই শাট ডাউন অবস্থার অবসানের প্রস্তাব রয়েছে। কিন্তু একদিকে ট্রাম্প যেমন দেওয়ালের অর্থ না পেলে কোনও অর্থ বরাদ্দের বিলে সম্মতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তেমনি সিনেটের রিপাবলিকানরাও ট্রাম্পের সম্মতি ছাড়া অর্থ বরাদ্দের বিল পাশে রাজি না হওয়ার কথা জানিয়ে দিয়েছেন। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সিনেটে শেষ পর্যন্ত বিলটি আটকে যাওয়ার সম্ভাবনাই বেশি, যদিও একই রকম একটি প্রস্তাব আগে একবার সিনেটে উভয় পক্ষের সমর্থনে পাস হয়েছিল।
