অণুগল্প

আঙুল

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৯

অনু ইসলাম

 

করোনার কারণে আঙুল হয়ে উঠেছে অনুজীবের আশ্রয়স্থল। এর জন্য বেতার-টিভিতে হরহামেশা কুড়ি সেকেন্ড সাবান  দিয়ে হাত-আঙুল ধুতে পরামর্শ দিয়ে চলেছে। আঙুলে লুকিয়ে থাকে ভাইরাস।

হাতের পাঁচটি আঙুল অনেক গুরুত্ব বহন করে। কাউকে কষে থাপ্পড় মারতে খুব জরুরি। ভিসা, জমির দখল, মামলা-মোকদ্দমাসহ অনেক ক্ষেত্রে বুড়ো আঙুলের ছাপের প্রয়োজন হয়। এর কারণে কোনো দ্বিতীয় ব্যক্তি নকল করতে পারে না।

ঐতিহাসিক সাত মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐ তর্জনী হেলনে স্বাধীনতাযুদ্ধকে বেগবান করে। কোনো ঘটনায় আনন্দে অনেকে দুই আঙুলে তুড়ি বাজায়। এই যে অনুগল্প লিখছি তার জন্যেও প্রয়োজন হলো তিন আঙুলের।

বাঙালি মাত্র হাতের তালু ও আঙুলের নৈপুণ্যে ভাত খাওয়া দেখে অনেক বিদেশি অবাক হয়ে যায়। কাটা-চামচ ফেলে অনেকে ব্যর্থ চেষ্টা করেও দেখেছে। কারো আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়।

দারুণ হইচই রঙিন বাতি সাজ সাজ রব। বিয়েবাড়ি চারদিকে খাবার নিয়ে পরিবেশনকারীদের ছুটোছুটি। আজকে খাবারটা একটু বেশিই হয়ে গেছে। হাত ধোয়ার জন্য বাইরে দাঁড়িয়েছি, ঠিক তখনই বিপত্তি ঘটল। ধাক্কাধাক্কি। পথশিশুরা শূন্যপাত্র হাতে। ক্ষুধার্ত হাহাকার। এর মধ্যে কয়েকজন দৌড়ে এসে ডান হাত চেপে ধরে আঙুলের ফাঁকে লেগে থাকা ভাত চাটতে শুরু করে দিল। আমি প্রচণ্ড উত্তেজিত হলাম।

আমার ঘুম ভেঙে গেল। ডান হাতের আঙুলগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলাম।