আফগানিস্তানে লাইব্রেরি স্থাপন নিয়ে মোদীকে বিদ্রুপ করলেন ট্রাম্প

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:৫১

সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যাঙ্গ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে একটি লাইব্রেরি তৈরির জন্য টাকা দিয়েছে ভারত। সেই লাইব্রেরি আফগান মুলুকে কোনও কাজে লাগবে না বলে তির্যক মন্তব্য করেন তিনি।

বুধবার হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকের পরই সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই আফগানিস্তানে ভারতের আর্থিক সাহায্যের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মোদীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওই ভারতীয় নেতা আমাকে সমানে বলে গিয়েছেন যে আফগানিস্তানে তিনি একটা লাইব্রেরি তৈরি করেছেন। আর তাতে কত ব্যয় হয়েছে? যেটা আমরা পাঁচ ঘণ্টায় খরচ করি। আর তার জন্য নাকি আমাদের তাকে ধন্যবাদ দিতে হবে। আমি জানি না আফগানিস্তানে কে ওই লাইব্রেরি ব্যবহার করছে!’

তবে ট্রাম্পের এই মন্তব্যের বিরোধিতা করেছে ভারত। আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, শুধু লাইব্রেরি নয় আফগানিস্তানে সড়ক নির্মাণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও কাঁধে তুলে নিয়েছে নয়াদিল্লি। সেখানে অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখে যাবে ভারত। বন্ধুরাষ্ট্রের প্রতি এই সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত মাসে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান থেকে নিকট ভবিষ্যতে ৭০০০ সৈন্য ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। আফগান কর্তৃপক্ষ মার্কিন প্রশাসনকে সেনা প্রত্যাহার না করতে অনুরোধ করেছে। সেনা কমিয়ে দিলে তালেবান ও আইএসের দাপট আফগানিস্তানে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় নয়াদিল্লির সঙ্গে নিরাপত্তা চুক্তিতে আগ্রহী কাবুল। চলতি সপ্তাহেই ভারতে আসার কথা রয়েছে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লা মোহিবের।