চসিকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:০৮

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল রবিবার সিটি করপোরেশন মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আজ লাগামহীন সবুজ উদ্ভিদ নিধনের ফলে অক্সিজেন শূন্যতার সৃষ্টি হচ্ছে। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় ও অবিবেচক আচরণের ফলেই আমরা করোনা দুর্যোগে বিপর্যস্ত। তিনি বলেন, চসিকের উদ্যোগে নগরীতে সবুজায়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে চলতি বর্ষার মৌসুমে ৫০ লাখ চারাগাছ রোপণ করা হবে। উদ্বোধন শেষে সিটি মেয়র শিক্ষার্থীদের মধ্যে ৫০০ চারাগাছ বিতরণ করেন। 

এ সময় প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ হোসাইন, বন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয় প্রমুখ উপস্থিত ছিলেন।