করোনায় মারা গেলেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অদিপ্তরের উপপরিচালক

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:১০

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আযাদ (৫৮)। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। আবুল কাশেম আযাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালোম ইউনিয়নে। ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মসিউল আলম ও বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক এ তথ্য জানান।

এনামুল হক বলেন, ‘উপপরিচালক আবুল কাশেম আযাদের স্ত্রী ময়মনসিংহের একটি বেসরকারি কলেজের শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তার পরিবার বসবাস করতেন ময়মনসিংহে। কয়েক মাস আগে আবুল কাশেম আযাদ বগুড়ায় যোগদান করেন। বগুড়ায় কর্মরত অবস্থায় করোনার উপসর্গ দেখা দিলে ২২ জুন পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ২৩ জুন করোনা পজিটিভ শনাক্ত হয়। রক্তে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমতে থাকায় এক দিন পর তাকে নেওয়া হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২৭ জুন থেকে তিনি আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন।’

রংপুরে সহকারী অধ্যাপকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর জানান, পীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল মান্নান ওরফে জাহাঙ্গীর (৫০) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার শীতলপুরে তার গ্রামের বাড়িতে মৃত্যু হয়। তিনি পীরগঞ্জ উপজেলার খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় তার করোনা পজিটিভ ছিল।