সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুরে আপন চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন আব্দুল বাছেদ (৪৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার পাটাগ্রাম গ্রামের মৃত আবু হোসেন আলীর পুত্র। গতকাল রবিবার দুপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আপন চাচাতো ভাই আবু শাহীনের সঙ্গে আব্দুল বাছেদের দীর্ঘদিনের পারিবারিক কোন্দল ছিল। এরই জের ধরে রবিবার দুপুরে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু শাহীন হাতে থাকা হাসুয়া দিয়ে আব্দুল বাছেদের গলায় কোপ মারে। এতে ঘটনাস্থলে মাটিতে পড়ে যান বাছেদ। এ সময় প্রচুর রক্তক্ষরণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কাজীপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, লাশ হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ সিরাজগঞ্জ সদরে পাঠানো হবে।
