ইত্তেফাক রিপোর্ট
সম্মিলিত সামরিক হাসপাতালের (ঢাকা সিএমএইচ) করোনা ওয়ার্ডের জন্য বাংলাদেশ নৌবাহিনী থেকে ২০টি ফ্রিজ ও ২০টি এসি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার নৌবাহিনীর পক্ষে নৌ সরবরাহ পরিদপ্তরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের কাছে এ সব সরঞ্জাম হস্তান্তর করেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিত্সাসেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা চিকিত্সার সুবিধার্থে নৌবাহিনী নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে এ সব সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। এর আগে করোনা চিকিত্সায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিত্সাসেবা প্রদানকারী ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, স্যু প্রোটেকশান ডিস্পেন্সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তাসামগ্রী প্রদান করা হয়।
