পাঁচ দফা দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:২২

বিশেষ প্রতিনিধি

স্বচ্ছ নিয়োগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে বেকার ও প্রাইভেট মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল রবিবার মহাখালীর স্বাস্থ্য ভবনের সামনে বেকার ও কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা বিক্ষোভ করেন।আন্দোলনের ব্যাপারে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহবত হোসেন খান বলেন, দ্রুত জেলা-উপজেলা পর্যায়ে প্রয়োজন অনুযায়ী ২০ হাজার টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। একই সঙ্গে পরীক্ষা বহির্ভূতভাবে যে ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে তা বাতিল ও এ অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। ২০১৩ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতির কারণে সেই নিয়োগ হয়নি। বয়সের সীমা পরিবর্তন করে সেই নিয়োগ দেওয়ার দাবি তাদের।তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ১ হাজার ২০০ জন নিয়োগের নির্দেশ দিলেও কম সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেসব অনিয়ম গাফিলতি এড়িয়ে নিয়োগের দাবি তাদের। এদিকে একই দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশের সরকারি হাসপাতালে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মেডিক্যাল টেকনোলজিস্টরা ।