তদন্ত প্রতিবেদন প্রকাশ আজ

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:২২

সদরঘাটে লঞ্চডুবি

বিশেষ প্রতিনিধি

আজ সদরঘাটে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড ডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। অপরদিকে ময়ূর-২-এর মাস্টার এবং ড্রাইভার গতকাল পর্যন্ত পলাতক রয়েছেন। এমনকি ঘটনার পর থেকে পালিয়ে আছে অভিযুক্ত লঞ্চের মালিকও।

বিআইডব্লিউটিএ গঠিত কমিটির এক সদস্য জানান, তারা ময়ূর-২ লঞ্চ মালিকের কোনো বক্তব্য পাননি। তবে তার প্রতিষ্ঠান সি হর্স করপোরেশনের ম্যানেজার দেলোয়ার হোসেনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়ূর-২ লঞ্চের কেরানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে লঞ্চডুবির ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। নৌ-পরিবহন মন্ত্রণালয় গঠিত কমিটি মর্নিং বার্ড লঞ্চের বেঁচে যাওয়া ১১ যাত্রীসহ প্রত্যক্ষদর্শী ২৫ জনের বক্তব্য নিয়েছে। তদন্ত কমিটি সূত্রে জানা যায়, লঞ্চ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা তাদের কাছে বলেছে যে, ময়ূর-২ লঞ্চটি হঠাত্ করেই মর্নিং বার্ড লঞ্চের দিকে চেপে আসছিল। প্রথমে পেছনে বেপরোয়াভাবে ধাক্কা দিলে লঞ্চের ভেতরে সবাই ভয়ে চিত্কার করে ওঠেন। এর ৬ সেকেন্ডের মাথায় আরেক ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এদিকে মেসার্স সি হর্স করপোরেশনের ম্যানেজার দেলোয়ার হোসেন তদন্ত কমিটির সদস্যদের জানিয়েছেন, লঞ্চের মাস্টার ও ড্রাইভারের অদক্ষতা এবং অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ময়ূর-২ লঞ্চের কেরানি সেলিম কমিটিকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি লঞ্চে ছিলেন না। এ কারণে দুর্ঘটনা কীভাবে ঘটেছে, কে লঞ্চ চালিয়েছে তা তিনি জানেন না।