প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আমাদের আগামী প্রজন্ম শিক্ষার্থীদের তো আর ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। প্রধানমন্ত্রী যে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। এজন্য সরকার সংসদ টিভির মাধ্যমে তাদের পড়াশুনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। গতকাল রবিবার কুড়িগ্রাম শহর লাগোয়া ধরলা ব্রিজের পাশে সড়কের ওপর আশ্রিত দেড় শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা ও করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
