খালেদা জিয়া সামনে আসবেন, আমরা জয়ী হব :ফখরুল

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:৪১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মাথানত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে। বিএনপি উঠে দাঁড়াবে ফিনিক্স পাখির মতো এবং জয়ী হবে। বেগম খালেদা জিয়া সামনে আসবেন। তারেক রহমান আমাদের সঙ্গে আসবেন, গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব এবং সব ধরনের সংকটকে মোকাবিলা করে আমরা জয়ী হব।

গতকাল রবিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেটে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সায় চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ উপলক্ষ্যে এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সদস্যসচিব কামাল হাসান জুয়েলের পরিচালনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, কলিম উদ্দিন মিলন, সিলেটের সিটি মেয়র বিএনপি নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ এবং লন্ডন থেকে যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সরকার দুর্নীতি করে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখানে মানুষ কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। হাসপাতালে গেলে অক্সিজেনের অভাব, ভেন্টিলেটর বাদই দেন। সাড়ে ৩ হাজার টাকার অক্সিজেন এখন ৩৬ হাজার, ৩৮ হাজার টাকা দাম হয়ে গেছে। গ্ল্যাভস, মাস্ক, স্যানিটাইজার, সুরক্ষার সামগ্রী প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিন। কোনো নিয়ন্ত্রণ নেই। প্রকৃতপক্ষে সরকারের কোনো উদ্যোগ নেই, তারা ব্যর্থ হয়ে গেছে এই কাজে।

মির্জা ফখরুল বলেন, খুব কঠিন ছিল না এটাকে (করোনা ভাইরাস) নিয়ন্ত্রণ করা। ভিয়েতনামে নিয়ন্ত্রণ করেছে, কিউবাতে নিয়ন্ত্রণ করেছে, চীনে এত বড় আক্রমণের পরে তারাও নিয়ন্ত্রণ করেছে, নিউজিল্যান্ড নিয়ন্ত্রণ করেছে। অর্থাত্ সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে খুব কঠিন ছিল না।