ডোমারে প্রতিবন্ধী শিশুসহ দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আলী আকবর নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস এলাকার একটি মসজিদের পাশ থেকে গ্রেফতারের পর গতকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, পার্শ্ববর্তী ডিমলা উপজেলার আকাশকুড়ি এলাকার আলী আকবর ডোমারের নওদাবস এলাকার একটি মসজিদে ইমামতির পাশাপাশি ঐ এলাকার শিশুদের মক্তবে পড়াতেন। শনিবার সকালে পড়া শেষ হলে, ১১ বছর বয়সের এক প্রতিবন্ধী শিশু ও তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে তিনি তার থাকার ঘরে নিয়ে যান। এরপর তাদের পালাক্রমে ধর্ষণ করেন। শিশু দুটি যেন ধর্ষণের বিষয়টি কাউকে না জানায়, সেজন্য ভয়ভীতি দেখান। কিন্তু প্রতিবন্ধী শিশুটি ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। এরপর তৃতীয় শ্রেণির ছাত্রীটিও ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। এলাকাবাসী আলী আকবরকে আটক করে থানায় খবর দেয়।
ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, ধর্ষিতা শিশুদের উদ্ধার করে রাতেই নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিবন্ধী শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক আলী আকবর প্রাথমিকভাবে নিজের দোষ স্বীকার করেছেন।
