আগামী ১৪ জুলাই অনুষ্ঠেয় যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। দলটির স্থায়ী কমিটি মনে করে যে, করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ও মহামারি এবং বন্যা পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভার্চুয়াল এ বৈঠকে লন্ডন থেকে যুক্ত থেকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, করোনা মহামারির পরিস্থিতি এবং দেশের বন্যার প্রাদুর্ভাবের মধ্যে নির্বাচন কমিশনের উপনির্বাচনের সিদ্ধান্তকে বিএনপির স্থায়ী কমিটি গ্রহণযোগ্য মনে করে নাই। দেশের বর্তমান পরিস্থিতিতে ইসির উপনির্বাচন করার সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে বিএনপি তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
