দল নিবন্ধন নিয়ে ইসির নতুন আইন দূরভিসন্ধিমূলক

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০০:২১

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের নতুন আইনকে কালো আইন অ্যাখ্যা দেওয়া হয়েছে। করোনা মহামারির মধ্যে এ ধরনের আইন করার বিষয়টিকে দূরভিসন্ধিমূলক বলে বৈঠকে জোট নেতারা অভিমত ব্যক্ত করেছেন। এছাড়া বৈঠকে পাটকল বন্ধ ও সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি হত্যার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বৈঠকে জোট নেতারা বিনাশর্তে কৃষকদের ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন।

করোনা ভাইরাস সংক্রমণের পর এই প্রথমবারের মতো গতকাল রবিবার ভার্চুয়াল বৈঠক করল ২০ দলীয় জোট। বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে আজ সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবে জোট। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের প্রায় অধিকাংশ নেতা অংশগ্রহণ করেন। তবে বৈঠকে ঢুকেই লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের সভাপতি কর্নেল অব. অলি আহমদ অপরাংশের শাহাদাত্ হোসেন সেলিমকে দেখেই বেরিয়ে যান।

খালেদা জিয়ার সঙ্গে দেখা

করতে না দেওয়ায় ক্ষোভ

বৈঠকে জোটের প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে শরিক দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, মুক্তি পাওয়ার পর আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আমাদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি। অথচ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখা করতে দেওয়া হয়েছে। মান্না দেখা করতে পারলে আমরা কেন পারব না?

বৈঠকে সভাপতিত্বকারী ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ প্রসঙ্গে বলেন, জোটের নেতারা যাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন, সে বিষয়ে তিনি নিজ দলের সঙ্গে আলোচনা করে পরে জোট নেতাদের জানাবেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির  চেয়ারম্যান  মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জমিয়তে ওলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি আল্লামা নূর হোসেন কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের  চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।