গণমাধ্যমের বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে সরকারের নেতৃত্বে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ডিইউজে নেতৃবৃন্দ মনে করেন, এই পরিস্থিতিতে সাংবাদিকদের চাকরি সুরক্ষাসহ গণমাধ্যম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে সাংবাদিক ছাঁটাই, বিনা বেতনে বাধ্যতামূলক ছুটি ও বেআইনিভাবে বেতন হ্রাস কিংবা বেতন হ্রাসের পাঁয়তারা চালানো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নেতৃবৃন্দ। গতকাল রবিবার নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিক ছাঁটাইয়ের নামে নৈরাজ্যকর পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থা যেকোনো মূল্যে প্রতিরোধ করবে ডিইউজে। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে উত্সবভাতা পরিশোধের আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সহসভাপতি এম এ কুদ্দুস, যুগ্মসম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
