ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলকে এবার চুরির মামলার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারিক হাকিম মো. ফারুক হোসাইনের আদালতে পুলিশ সাত দিনে রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় একই আদালত পৃথক দুইটি চাঁদাবাজি মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বদরপুরস্থ বাড়িতে চুরির ঘটনায় এমপির এপিএস এ এইচ এম ফোয়াদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
গত ১৬ মে রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ৭ জুন রাতে সুবল সাহার বাড়িতে হামলা মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সাজ্জাদ হোসেন বরকত, প্রেসক্লাবের সভাপতি (বহিষ্কৃৃত) ইমতিয়াজ হাসান রুবেলসহ মোট ৯ জনকে গ্রেফতার করে।
