শ্বাসকষ্টে যুগ্ম সচিবের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০০:২৬

শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন অবসরোত্তর ছুটিতে থাকা (পিআরএল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খুরশিদ আলম। শুক্রবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। তবে খুরশিদ আলমের হার্টে রিং পরানো ছিল। শুক্রবার বেলা ৩টার দিকে বাসায় তার শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে বাসাতেই অক্সিজেন দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ল্যাবএইডে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। তাকে শনিবার দুপুরে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়।