বীরগঞ্জে বাসচাপায় ৬ জন নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৮:৩২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় রিকশাভ্যান চালক ও ভ্যানযাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। সোমবার (৬জুলাই) বেলা আড়াইটায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের উপজেলার পঁচিশ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন বেগম (৫০), তার কন্যা রূপা খাতুন (৮), দিনাজপুরের কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের মৃত আব্দুল গনির পুত্র আবুল হোসেন (৬০), আবুল হোসেনের স্ত্রী আসমা খাতুন (৪৫), একই গ্রামের নামিয়া খাতুন (৮) ও ভ্যানচালক। তবে নিহত ভ্যানচালকের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল নামক স্থানে বিআরটিসির একটি বাস ওই রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের ৪ জন যাত্রী নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সেখানে তাদের মৃত্যু হয়। ঘটনার পর বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। 

আরো পড়ুন: অসহায় ৫ শতাধিক মানুষের পাশে যুবলীগ 

দশমাইল হাইওয়ে থানার ওসি জি.এম নুর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এই ঘটনার পর স্থানীয়রা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বিকাল সাড়ে ৪ টায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়।


ইত্তেফাক/এএএম