কোহলির বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২০:৪২

স্পোর্টস ডেস্ক

অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে কনফ্লিক্ট অব ইনটারেস্টের অভিযোগ এসেছে। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার কাছে অভিযোগ করেছেন দেশটির মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা।

লোধা কমিশনের সুপারিশ অনুসারে বিসিসিআইর সঙ্গে চুক্তিভুক্ত কেউ অন্য কোনো লাভজনক সংস্থার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। কিন্তু বিসিসিআইর প্রচলিত নিয়ম ভেঙ্গেছেন কোহলি। তাই কোহলির বিরুদ্ধে অভিযোগ করেছেন গুপ্তা।

আর সেই অভিযোগপত্র ইতিমধ্যে বিসিসিআইর এথিকস কর্মকর্তা অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে কাছে পৌঁছে গেছে। অভিযোগ প্রমাণিত হলে, বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে কোহলি।

ডি কে জৈন বলেন, ‘হ্যাঁ, আমরা কোহলির বিরুদ্ধে অভিযোগপত্র পেয়েছি। আমরা এই বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছি। আমরা এটা পরীক্ষা করে ভেবে দেখব কী করা উচিত। যদি আমরা এর সত্যতা খুঁজে পাই, তবে কোহলির কাছে এই বিষয়ে জানতে চাওয়া হবে। আর তাকে উত্তর জানানোর সুযোগ দেওয়া হবে। সবার জন্য যে নিয়ম প্রযোজ্য, তার জন্যও একই নিয়ম থাকবে।’

অভিযোগ পত্রে কোহলির বিরুদ্ধে গুপ্তা লিখেছেন, ‘কোহলি একই সঙ্গে দুটি পোস্ট অধিকার করে রেখেছেন। যা বিসিসিআইয়ের ধারা ৩৮ (৪) এর সম্পূর্ণ বিপরীত। এই ধারাটি অনুমোদন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।’