স্পোর্টস ডেস্ক
প্রতিপক্ষের মাঠে যেন জিততেই ভুলে যাচ্ছে ম্যানচেস্টার সিটি! আগের ম্যাচ লিভারপুলকে নিজেদের মাঠে উড়িয়ে দেওয়ার পর রবিবার রাতে অবনমন অঞ্চলে থাকা সাউদাম্পটনের মাঠে ১-০ ব্যবধানে হারল দলটি! এমন হারের কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না কোচ পেপ গার্দিওলা ও মিডফিল্ডার বার্নার্দো সিলভা।
প্রায় ১২ বছরের কোচিং অভিজ্ঞতায় টানা তিন অ্যাওয়ে হার কখনো দেখেননি গার্দিওলা। আগে ম্যাচে লিভারপুলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারানোর পর সে আশঙ্কা ম্যাচ শুরুর আগে ঘুণাক্ষরেও কি কল্পনা করেছিলেন স্প্যানিশ কোচ? রবিবারের ম্যাচে ১৬ মিনিটে মাঝমাঠে বল হারানোর পর চে অ্যাডামসের দারুণ এক শটে গোল হজম করে সিটি। এরপর প্রায় ২৪টি সুযোগ তৈরি করেও সমতাসূচক গোলের দেখা পায়নি গার্দিওলার শিষ্যরা। এমন পারফরম্যান্সের পরেও হার, তাই সিটি কোচ নিজেও বেশ হতাশ। বললেন, ‘আমরা দারুণ খেলেছি, কিন্তু সেটাও জয়ের জন্য যথেষ্ট হলো না! গোল করতে পারছি না, এটা কোনো অজুহাত নয় মোটেও। কারণ চলতি লিগে আমরাই সবচেয়ে বেশি গোল করেছি, সুযোগ তৈরি করেছি। প্রতিপক্ষকেও কম সুযোগ দিয়েছি। তার পরও আমরা অনেকগুলো ম্যাচ হেরে বসেছি। কেন এমনটা হয়েছে সেটা খুঁজে বের করা আমার নিজের জন্যও কষ্টকর কাজ হয়ে দাঁড়িয়েছে।’ এ হারের ব্যাখ্যা নেই সিটি মিডফিল্ডার বার্নার্দো সিলভার কাছেও। তিনি বলেন, ‘আমি জানি না কেন এমন হয়েছে, এটা ব্যাখাতিত। তবে সামনের মৌসুমে লিগ ফিরে পেতে হলে আমাদেরকে উন্নতি করতেই হবে।’ দিনের অন্য ম্যাচে শিরোপাজয়ী লিভারপুল সাদিও মানে ও কুরতিস জোন্সের গোলে অ্যাস্টন ভিলাকে ২-০ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে।
