রেফারিং-বিতর্কে বিরক্ত রিয়াল

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২০:৪৩

রিয়াল মাদ্রিদের শেষ কিছু জয়ে রেফারিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে বেশ। তবে রিয়াল কোচ জিনেদিন জিদান জানালেন, এ আলোচনায় কান দিয়ে লক্ষ্যচ্যুত হবে না তার দল। রবিবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়টি আসে সার্জিও রামোসের পেনাল্টি থেকে। তবে বিতর্ক শুরু হয়ে ৭৪ মিনিটে নিজেদের বক্সে বিলবাওয়ের রাউল গার্সিয়াকে রামোসের করা একটি ফাউল নিয়ে। রিপ্লেতে দেখা যায় গার্সিয়ার পা মাড়িয়েছিলেন রামোস। তবে রেফারি গিল মানজানো এতে ভিএআর পর্যন্ত যাননি, খেলা চালু রাখার সিদ্ধান্ত দেন তিনি। পরে ব্যাখ্যা দেন, সেটা রিয়াল অধিনায়কের ইচ্ছাকৃত ছিল না মোটেও। এখানেই প্রশ্ন সাবেক লা লিগা রেফারি ইতুলার্দের। তিনি বলেন, ‘এটা অবশ্যই পেনাল্টি। ইচ্ছাকৃত কি না, নতুন নিয়মে সেটা আর বিবেচ্য নয়। আগের নিয়ম হলে হয়তো আমরা এটা পেনাল্টি দিতাম না। কিন্তু নতুন নিয়মে ফাউলকর্তার উদ্দেশ্য ছিল কি না এটা দেখা হয় না আর। তাই এটা নিশ্চিত পেনাল্টি।’