অবশেষে স্টেডিয়ামে মুশফিক

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২০:৪৪

স্পোর্টস রিপোর্টার

দলের আনুষ্ঠানিক অনুশীলন থাকুক আর নাই থাকুক, তিনি মাঠে থাকেন।

সবার ছুটি থাকলেও মাঠে চলে আসেন মুশফিকুর রহিম। ঝড়, বর্ষা, গরম; কোনো কিছুই তাকে আটকাতে পারে না। সেই মুশফিক গত চার মাস ধরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পা রাখতে পারেননি। করোনা ভাইরাস সারা পৃথিবীর মতো আটকে ফেলেছিল তাকে। অবশেষে এই ভাইরাস সংক্রমণের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে মাঠটাকে একটু দেখতে এসেছিলেন কাল সিনিয়র ক্রিকেটার মুশফিক।

মাঠে এসে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে নিজের আবেগের কথা লিখেছেন। বলেছেন যে, এই মাঠটাকে খুব মিস করছেন, ‘অসাধারণ এই ভেন্যুকে মিস করছি—কেবল সর্বশক্তিমানই জানেন, আবার কবে আমরা অনুশীলন শুরু করতে পারব।’

গত ১৫ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অসাধারণ শুরু করেছিলেন মুশফিক। নতুন দল আবাহনীর হয়ে খেলেছিলেন ১২৭ রানের দুর্দান্ত ইনিংস। কিন্তু এক রাউন্ড খেলা হওয়ার পরই বন্ধ হয়ে যায় লিগ। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হয় ক্রিকেটসহ দেশের সব ধরনের খেলা।

সেই সম্ভবত শেষ এসেছিলেন মাঠে। তারপর নিজে অনুশীলন করার অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদনও করেছিলেন। সে আবেদনে বিসিবি সাড়া দিলেও নানা কারণে আর অনুশীলন শুরু করা হয়নি। অবশেষে গতকাল একবার এলেন মাঠে।

তবে অনুশীলন করতে নয়, মুশফিক গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। মাঠের একটি সূত্র থেকে জানা গেছে, মুশফিক গিয়ে ড্রেসিং রুমে কিছু সময় কাটান। নিজের ব্যাট আর কয়েকটি ক্রিকেট সরঞ্জাম নিয়ে একটু পরই আবার বেরিয়ে যান মাঠ থেকে।