মাস্তুল ফাউন্ডেশনের পাশে সাকিব

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২০:৪৪

স্পোর্টস রিপোর্টার

করোনার এই দুর্যোগের সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে আরো অনেক সংগঠনের মতো মাস্তুল ফাউন্ডেশন। তারা অ্যাম্বুলেন্স ভাড়া করে করোনায় মৃত ব্যক্তিদের দাফন সম্পন্ন করছিল। এই খবর পেয়ে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন। এই সংগঠনটিকে একটি অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন।

সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘(মাস্তুল ফাউন্ডেশনের) প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান জানান, বর্তমানে তারা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ১৯ করোনাতে মৃত ব্যক্তিদের দাফন কার্যক্রমও সম্পন্ন করেছে এবং এটি তারা নিজেদের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে চালাচ্ছে, যা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছিল। সে আরো জানান, তাদের একটি নিজস্ব অ্যাম্বুলেন্স হলে করোনাতে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের দাফন কাজে সহযোগিতা করতে পারবে।’

সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার চিশতি ইকবাল এই ঘটনা সাকিব আল হাসানের নজরে এনেছিলেন। পরে সাকিব অতি দ্রুত সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনকে সহায়তা করার।