স্টাফ রিপোর্টার, দিনাজপুর
চলতি করোনাকালে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভসসহ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে দিনাজপুরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবাধে এসব উপকরণের নামে নিম্নমানের ও নকল পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, শহরের বাহাদুরবাজার নিমতলা, জেলখানা মোড়, লিলি মোড়, মডার্ণ মোড়সহ শহরের যত্রতত্র বিক্রি হচ্ছে এসব উপকরণ। কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তারা প্রকৃত ব্যবসা ছেড়ে অভাবের তাড়নায় ঢাকার মিটফোর্ড এবং জিঞ্জিরা থেকে এসব উপকরণ এনে এখানে বিক্রি করছেন। প্রকৃত ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিংবা অনুমোদিত কোনো উত্পাদিত প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় না করার কারণ জানতে চাইলে তারা জানান, মুনাফা বেশি পাওয়া যায় বলে মিটফোর্ড ও জিঞ্জিরা থেকে আনাই। সরেজমিনে দেখা যায়, ঐ সমস্ত পণ্যে প্রতিষ্ঠিত কোম্পানির নামের সামান্য হেরফের রয়েছে। এসব নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।
