হাটবাজারের চায়ের দোকানে প্লাস্টিকের কাপের ছড়াছড়ি

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:১৮

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাটবাজারের অলিতে-গলিতে রয়েছে অনেক চায়ের দোকান। চলমান করোনা পরিস্থিতিতে দোকানগুলোতে নতুন করে স্থান পেয়েছে প্লাস্টিকের ওয়ান টাইম চায়ের কাপ। এ কাপ কতটুকু স্বাস্থ্যসম্মত তা না জেনেই চা পান করছেন ক্রেতারা। উপজেলার বেশ কয়েকজন চায়ের দোকানদার জানালেন, এখন দোকানে চা খেতে আসা প্রায় সবাই ওয়ান টাইম প্লাস্টিকের কাপে চা দেবার অর্ডার করে থাকে। তারা জানালেন ১০০ প্লাস্টিকের কাপ কিনতে ৮০ থেকে ৯০ টাকা লাগে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আবু হেনা মো. জামাল শুভ বলেন, গরম খাবার বা  গরম পানীয় এসব প্লাস্টিকের সংস্পর্শে এলে রাসায়নিক বিষ খাবারের সঙ্গে আস্তে আস্তে মিশে যায়। যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।