চাটমোহর (পাবনা) সংবাদদাতা
আগাম বন্যায় চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বোনা আমন ও পাটসহ বিভিন্ন ফসলের খেত। রোপা আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। উপজেলার হান্ডিয়াল, ছাইকোলা, নিমাইচড়া ও বিলচলন ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানি ঢুকে ঘরবাড়ি প্লাবিত হয়েছে। আষাঢ়ের টানা বৃষ্টিপাত ও উজানের পানিতে এ অঞ্চলের বড়াল, গুমানী ও চিকনাই নদীসহ বিলে পানিতে টইটম্বুর। এতে চরম বিপাকে পড়েছেন পাটচাষিরা। পাটের খেত তলিয়ে যাওয়ায় অধিক মজুরি দিয়ে নৌকা নিয়ে পানির মধ্যে পাট কাটতে হচ্ছে। ক্ষতি হয়েছে বোনা আমনের। এছাড়া তিল ও সবজি খেতের ক্ষতিও হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল করিম জানান, পাটের তেমন ক্ষতি না হলেও বোনা আমনের ক্ষতি হয়েছে। পানির কারণে বীজতলা তৈরি করা যাচ্ছে না। ফলে রোপা আমন আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।
