পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:২০

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক মুক্তিযোদ্ধাকে হত্যা করার অপরাধে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত ও বিচারাধীন থাকায় তাকে বরখাস্ত করা হয়। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিন বিকালে প্রজ্ঞাপনের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. রফিকুল ইসলাম রেনু। নির্বাচনে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।