l নওশীন শর্মিলী
উত্সবের আনন্দকে বাড়িয়ে তুলতে ছেলেদের পছন্দের তালিকায় থাকে পাঞ্জাবি। ঈদে নিজের পছন্দসই পাঞ্জাবি পেতে হলে আপনাকে একটু ঘুরেফিরেই কিনতে হবে। ঈদকে সামনে রেখে আমাদের দেশীয় ফ্যাশন হাউজগুলো বরাবরের মতো সাজিয়েছে পাঞ্জাবির পসরা। পাঞ্জাবি যেন হয়ে ওঠেছে ডিজাইনারের সাদা ক্যানভাস। ফ্যাশন হাউজগুলোর পাঞ্জাবির সংগ্রহে থাকছে নতুন নকশা, নতুন রং। কাটিংয়েও এসেছে পরিবর্তন, বাজার দখল করে আছে শর্ট আর সেমি লং পাঞ্জাবি। পাঞ্জাবিতে ভিন্ন মাত্রা যোগ করছে দেশীয় ফ্যাশন হাউজগুলো—এ ব্যাপারে সন্দেহ নেই। তবে ফ্যাশন হাউজগুলোর পাশাপাশি নগরীতে বেশকিছু মার্কেট রয়েছে, সেগুলোতে বিভিন্ন রকম নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যায়। বর্ষার ম্যাড়ম্যাড়ে আবহাওয়াকে দূর করতেই যেন রঙিন সব কাপড় ব্যবহার করা হচ্ছে পাঞ্জাবিতে। লাল, খয়েরি, কমলা, নীল, কালো, সাদা, ছাই, হালকা সবুজ-বেগুনি ইত্যাদি রঙের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে সকল মার্কেটে এবং এই সকল আধুনিক কাটছাঁটের পাঞ্জাবির দাম নির্ভর করছে এর কারুকাজের ওপর। এবারের ঈদের পাঞ্জাবির কাপড়ের মধ্যে রয়েছে খাদি, মটকা, সুতি, রাজশাহী সিল্ক, আদি মহিশুর সিল্ক, অ্যান্ডি সিল্ক, প্রিন্স সামসী, কুশান, কাসিস, খানশা, শাহজাদা আদি, জয়শ্রী সিল্ক, অ্যান্ডি কটন, ইন্ডিয়ান সিল্ক, জাপানি ইউনিটিকা, তসর, সামু সিল্ক, ধুতিয়ান, ইন্ডিয়ান চিকেনসহ আরও নানা ধরনের কাপড়। এবারের ঈদের পাঞ্জাবি প্রসঙ্গে রঙ বাংলাদেশ-এর কর্ণধার সৌমিক দাস বলেন, ফিরে এলো ঈদ উল আজহা। এই মহামারীর কাল আমাদের জন্যে নতুন এক অভিজ্ঞতা। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছুই পরিবর্তিত হয়েছে গেছে আমাদের জীবনযাপনে। প্রতিকূল এই সময়ে সেভাবে না হলেও সাধ্যের ভেতর ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চায় ‘রঙ বাংলাদেশ’। তাই আমরা আয়োজন করেছি পাঞ্জাবি উত্সবের। এই পরিবর্তিত সময়ের ঈদ উত্সবে অনলাইন কেনাকাটায় নির্দিষ্ট পাঞ্জাবির ওপর থাকছে ৫০% পর্যন্ত মূল্যছাড়। সঙ্গে নেওয়া হয়েছে স্বাস্থ্য সচেতনার সকল ব্যবস্থা। অর্ডার করা ‘রঙ বাংলাদেশ’-এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে। আগামী ২৫ জুলাই ২০২০ পর্যন্ত অনলাইনে চলবে এই উত্সব।
