গুণেভরা পেঁয়াজ

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:২৩

 

l ফয়জুল আল আমীন

 

খাবারের স্বাদ বৃদ্ধি ছাড়াও পেঁয়াজে রয়েছে অসংখ্য উপকারিতা। পেঁয়াজ ভিটামিন এ, বি এবং সি সমৃদ্ধ। এটি ফলিক এসিডের ভালো উত্স। একটি বড় পেঁয়াজে ৮৬.৮ শতাংশ পানি, ১১.৬ শতাংশ শর্করা জাতীয় পদার্থ, ১.২ শতাংশ প্রোটিন, ০.১৮ শতাংশ ক্যালসিয়াম, ০.৭ শতাংশ লোহা ও ০.০৪ শতাংশ ফসফরাস থাকে।

পেঁয়াজের কিছু ভেষজ গুণাগুণ—

জ্বর-সর্দিতে :ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা, সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি বা গা-ব্যথায় সামান্য পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেলে জলদি সেরে ওঠবেন। পেঁয়াজের রস, আদা এবং তুলসি পাতা একসাথে খেলে কাশি দূর হয়।

নাক দিয়ে রক্ত পড়লে :নাক থেকে রক্তপাতে পেঁয়াজ কেটে তার ঘ্রাণ নিতে থাকলে রক্তপাত কমে যাবে বা একেবারে বন্ধ হয়ে যাবে।

হজমশক্তি বাড়ায় :পেঁয়াজ হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে বলে দ্রুত খাবার হজম হয়।

হার্ট ও হাড় ভালো রাখে :পেঁয়াজ হাড়ের কঠিন রোগ অ্যাথেরসক্লেরোসিস এবং অস্টিওপোরোসিসের মতো রোগের সঙ্গে লড়াই করে। একই সঙ্গে দেহের খারাপ কোলেস্টোরেল কমায়। ফলে হার্ট সুস্থ থাকে। এছাড়াও খাবারের সঙ্গে পেঁয়াজের রস খেলে রক্ত জমাট-বাঁধা প্রতিরোধ হয়।

ডায়াবেটিক রোগে :শরীরে ইনসুলিনের মাত্রা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে পেঁয়াজ খুবই উপকারী।

ক্যান্সার প্রতিরোধে :পেঁয়াজের অ্যান্টি-অক্সিডেন্ট কোষের ডিএনএ-কে ক্ষতির কবল থেকে বাঁচিয়ে ক্যান্সার প্রতিরোধ করে।

জন্ডিস প্রতিরোধে :একটি পেঁয়াজের এক-চতুর্থাংশ সারারাত লেবুর রসে ভিজিয়ে রেখে সকালে খেলে জন্ডিসে উপকার পাওয়া যায়।

হিটস্ট্রোকে :পায়ের ওপর এবং ঘাড়ের পেছনে পেঁয়াজ বেঁটে দিলে শরীরে ঠান্ডা প্রভাব ফেলে, যা স্ট্রোক থেকে রক্ষা করে।

চুলপড়া কমায় :পেঁয়াজের রস চুলের গোড়াকে শক্ত করে এবং চুলপড়া কমায়।