টরন্টোয় সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের কুলখানি

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:৪৬

কানাডা প্রতিনিধি

ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষক, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হকের কুলখানি গতকাল টরন্টোর পার্শ্ববর্তী শহর ওগভিলে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। তার স্ত্রী নীরা হক ইত্তেফাককে জানান, করোনার কারণে সীমিত আকারে এবং অনলাইনে ৬ জুলাই বিকালে দোয়া মাহফিল হয়েছে।

উল্লেখ্য, মরহুম হক ১৯৬৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে উপস্থাপনের জন্য বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে অন্যদের সঙ্গে খসড়া দলিল তৈরি করেছিলেন। সেই দেশপ্রেমের টানে ১৯৭১ সালে টরন্টো থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে বিরল ভূমিকা রাখেন। এই খ্যাতিমান ব্যক্তি দেশে অবদান রাখার জন্য এরশাদের ডাকে সাড়া দিয়ে তার মন্ত্রিপরিষদে যোগ দিয়ে ১৯৮৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯০ সালের মে মাস পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার প্রকাশিত এবং অপ্রকাশিত বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনাও রয়েছে বলে নীরা হক জানান।

তিনি গত ৩ জুলাই মিসিসাগার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী এবং দুই ছেলে, এক মেয়ে রেখে যান। তার মৃত্যুতে কানাডা প্রবাসী বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।